পাল্টে যাবে বাংলাদেশের ভবিষ্যত

০৫ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। এমনটাই বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোন পরিকল্পনা সরকারের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে তা দেখতে পাবেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। দেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয়নি। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ সারা বিশ্বে নিজেকে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলবে।

তিনি বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লাখ লোক মারা গেছে। আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে জয়ী হতে চাই। এজন্য তিনি সবাইকে দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন।

পথসভায় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

আইনমন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *