৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শনিবার দ্বিতীয় দিনের শেষ বিকালে ৪১ ওভারে ১৩৯ রানে ৫ উইকেট হারায়। ফলোঅন এড়াতে হলে আরও ১১৫ রান দরকার। ৩০ ও ৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী।
প্রোটিয়াদের রানের পাহাড় ডিঙ্গাতে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে অলিভারের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তামিম।
এক উইকেটে ৮২ রান করা দলটি এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে যায়। ৪৭ ও ৩৩ রান করে ফেরেন তামিম ও শান্ত। ৬ রানে আউট হন অধিনায়ক মুমিনুল হক। ১১ রান করে ফেরেন লিটন দাস।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে চার ফিফটির সাহায্যে ৪৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলের হয়ে তাইজুল ইসলাম শিকার করেন সর্বোচ্চ ৬ উইকেট। ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ। আর শেষ ব্যাটসম্যান হিসেবে লিজাদ উইলিয়ামসকে আউট করেন মেহেদি হাসান মিরাজ।
দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ভেরেইনি ও মুল্ডারকে ফেরাতে ১০২ রান খরচ করে বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন কেশভ মহারাজ। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় সর্বোচ্চ ৮৪ রান করে তাইজুল ইসলামের পঞ্চম শিকারে পরিণত হন মহারাজ।
টেস্ট ক্যারিয়ারের ৩৬ ম্যাচে ৬১ ইনিংসে এ নিয়ে ১০ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করলেন তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ১৩৬ দশমিক ২ ওভারে ৪৫৩/১০ রান
বাংলাদেশ: ৪১ ওভারে ১৩৯/৫ রান
পোর্ট এলিজাবেথ টেস্ট/এএমএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply