ফাঁদ পেতে ছয় শতাধিক বাবুই পাখি হত্যা

নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলায় ফাঁদ পেতে ছয় শতাধিক বাবুই পাখি হত্যা করেছে দুই শিকারি। এঘটনায় তাদের দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন। একই সাথে তাদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া ওই দুই শিকারি হলেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে ফিরোজ হোসেন। তাদের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামে।

ফিরোজ বাবাকে সাথে নিয়ে চারঘাটে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চারঘাটের কাঁকড়ামারী বিল মেরামতপুর এলাকায় ফাঁদ পেতে ছয় শতাধিক পাখি শিকার করেন তারা। সকালে পাখিগুলো জবাই করে ব্যাগে ভরেন। এ সময় ইউএনও পাখি শিকারের খবর পান।

ইউএনও সোহরাব হোসেন জানান, পাখিশিকারি বাবা ও ছেলে আগেও চারঘাটে পাখি ধরেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিটি পাখি ১০ টাকা করে হোটেলে বিক্রি করেন তারা। পাখি ধরে হত্যা করায় তারা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৬ (১) এবং ক (১) ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করেছেন।

সোহরাব হোসেন বলেন, বন্য প্রাণী আইনের ২৬ ধারায় তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের আরও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায় করা হয়। সকালেই তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আর পাখিগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

পাখি শিকার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ