বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার লেমুরের মৃত্যু

২৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি লেমুরের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার একটি লেমুরের মৃত্যু হয়েছে। তবে এর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে। মৃত প্রাণীটিকে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়া হয়েছে।

পার্কের একটি সূত্র জানায়, গত শুক্রবার দুপুরের দিকে লেমুরটি মারা যায়। পার্কের কর্মীরা লেমুরের খাঁচায় এটিকে মরে পড়ে থাকতে দেখেন।

২০১৮ সালের ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য পাখি ও প্রাণীর সাথে দুটি লেমুর উদ্ধার হয়। এগুলো বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে চোরাচালানকারী চক্র অন্য দেশে পাচার করছিল। পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে সেগুলো ধরা পড়ে। পরবর্তী সময়ে বন বিভাগের সিদ্ধান্তে দুটি লেমুরকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠিয়ে দেয়া হয়। একই বছরের ২৭ নভেম্বর দুটি লেমুর থেকে আরও দুটি বাচ্চা পাওয়া যায়। গত শুক্রবার একটি লেমুরের মৃত্যুর পর সাফারি পার্কে অবশিষ্ট আছে তিনটি লেমুর।

লেমুর আফ্রিকার মাদাগাস্কারের বিভিন্ন বনজঙ্গলে দেখতে পাওয়া যায়। এটি বানর ও পান্ডার মতো গাছে চড়তে জানে। এগুলো তৃণ ও ফলমূল খায়। আকারে ছোট ও দীর্ঘ লেজবিশিষ্ট এই প্রাণী লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে দ্রুত চলাচল করতে পারে।

সাফারি পার্ক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ