বার্সা-নেইমার সমঝোতা

২৬ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): বার্সেলোনা ছাড়লেও অনেক দিন থেকেই দেনা-পাওনা নিয়ে ক্লাবটির সাথে ঝামেলা চলছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। এ নিয়ে দুই পক্ষই মামলা করেছে কয়েক দফা। তবে শেষ পর্যন্ত শেষ হয়েছে তাদের আইনি জটিলতা। আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

সোমবার সন্ধ্যার পর বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কেউ কারও বিপক্ষে আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নেয়া হবে।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখান নেইমার। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই বার্সেলোনার সাথে দেনা-পাওনা নিয়ে ঝামেলা চলছে নেইমারের। একে অপরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন।

অবশেষে দীর্ঘদিন ধরে চলা সমস্যা চুক্তির মাধ্যমে অবসান হলো।

নেইমার/এসকেএম