২৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) কর্তৃপক্ষকে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমের দিকে মনোনিবেশ করতে বলেছেন।
রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিইউপি উপাচার্য মেজর জেনারেল মোশফেকুর রহমান। খবর: বাসস।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে গবেষণা কার্যক্রমের উপর মনোযোগ দিন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এ কথা জানান।
বিইউপির সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বিইউপি ইতোমধ্যে তার বিভিন্ন কার্যক্রমের জন্য সুনাম অর্জন করেছে, যার মধ্যে রয়েছে শিক্ষা এবং শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিইউপি’র অ্যাকাডেমিক ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা ও নির্দেশনা চাওয়ায় রাষ্ট্রপতি উপাচার্যকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি/এএমএম/কিউটি













Leave a Reply