বিএনপির ৫ এমপির পদ শূন্য ঘোষণা

নিউজ ডেস্ক: বিএনপি পাঁচ সংসদ সদস্যের পদ শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাকি দুজনের পদত্যাগপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দেয়ার পর আজ জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

যাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে, তারা হলেন- বগুড়া-৭ আসনের জিএম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে পারেননি বলে জানিয়েছেন অন্য সংসদ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশীদ বিদেশে থাকায় তিনি স্পিকারের কাছে যেতে পারেননি। তাদের স্বাক্ষরসংবলিত পদত্যাগপত্র স্পিকারের হাতে দেন দলীয় হুইপ রুমিন ফারহানা।

স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান বিএনপির সংসদ সদস্যরা। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের স্পিকার এ কথা বলেন।

তিনি বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সাথে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে জানিয়ে স্পিকার বলেন, আসন শূন্যের এখন গেজেট হবে। পরে অধিবেশন যখন বসবে, সেখানেও জানানো হবে।

সংসদ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *