১৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার ভোরে রৌমারী উপজেলার পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ১৯ বছর বয়সী ফরিদুল ইসলাম রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ঘটনার পর বিএসএফ লাশটি নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি লাশটি ফেরত দেয়ার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিকেল পর্যন্ত বিএসএফ তাতে সাড়া দেয়নি।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ শাহজাহান আলী বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের কাছে জানতে পারি, ফরিদুল ইসলাম কাউয়ারচর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এবং তার লাশটি বিএসএফ নিয়ে গেছে।
এ প্রসঙ্গে বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার আনছার আলী বলেন, আজ সকালে জানতে পারি, গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ফরিদুল নামের একজন নিহত হয়েছেন। আমরা বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি আনা হবে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ পাঠিয়েছিলাম। তারা সারা দিন সেখানে থেকে ফিরে এসেছে। লাশ ফেরত দিলে আবার আমরা যাব।
রৌমারী সীমান্ত/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















