বিতর্কে করণ জোহর

২১ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না করণ জোহরের। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের পাত্র হতে হয়েছে তাকে।

এবার করণ জোহরের বিরুদ্ধে প্রকাশ্যে নাম চুরির অভিযোগ আনলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মধুর ভান্ডারকর। আগামী ২৭ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে রিয়ালিটি সিরিজ ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’। সিরিজে বলিউড তারকাদের স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের কাহিনী তুলে ধরা হয়েছে। রয়েছেন শাহরুখপত্নী গৌরী খান, সঞ্জয় কাপুরের স্ত্রী সীমা খান, চাঙ্কি পাণ্ডের স্ত্রীর ভাবনা পাণ্ডে। এছাড়াও দেখা যাবে প্রাক্তন অভিনেত্রী নীলমকে।

এই সিরিজের নাম নিয়েই আপত্তি রয়েছে মধুর ভান্ডারকরের। নিজের টুইটার প্রোফাইলে পদ্মশ্রী সম্মান পাওয়া পরিচালক লিখেছেন, প্রিয় করণ জোহর, আপনি ও অপূর্ব মেহতা আমার কাছে বলিউড ওয়াইভস নামটি ওয়েব প্রজেক্টের জন্য চেয়েছিলেন। আমি তাতে না করে দিয়েছিলাম আমার প্রজেক্টের কাজ চলছে বলে। সেই নামকে চালাকি করে ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ করে নিয়ে নেওয়া নীতিগতভাবে অনুচিত। দয়া করে আমার প্রজেক্টের ক্ষতি করবেন না। বিনীতভাবে অনুরোধ করছি নিজের সিরিজের নাম বদলান।

সুশান্তের মৃত্যুর পর থেকে এমনিতেই সোশ্যাল মিডিয়ার বেশিরভাগের অপছন্দের তালিকায় করণ জোহর। সমালোচনার জেরে তিনি ভার্চুয়াল জগতে নিজের গতিবিধিও সীমিত করে দিয়েছেন। মধুরের এই টুইটে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অনেকেই মধুরের পাশে দাঁড়িয়ে করণকে একহাত নিয়েছেন। তাকে ‘ফেক’ বলে কটাক্ষ করেছেন।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *