বিনোদন ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি শোরুম উদ্ধোধনের কথা ছিল চিত্রনায়িকার পরীমণির। গত ১৫ দিন ধরে মাইকিং করে এ খবর প্রচার করে ‘অথেনটিক প্রোডাক্ট হারল্যানে স্টোর’ নামের সেই শোরুম কর্তৃপক্ষ।
তবে স্থানীয় জনতার মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।
জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত ২-৩ দিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয়রা পরীমণির আগমন ঠেকাতে নানা কর্মসূচির ঘোষণা দেন এবং আন্দোলনসহ অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন।
শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, নায়িকা পরীমণির উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করেছিল। তারা জানান, পরীমণি আসলে সমস্যা হবে। হেফাজতে ইসলামের এক নেতা ফোন করে বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। আমিও কোম্পানির সাথে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, হুজুররা কিছু সমস্যার সৃষ্টি করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।
পরীমণি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















