বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান মেয়র আতিকের

২১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার কাঁচাবাজারটি গাবতলীতে স্থানান্তরের লক্ষ্যে গাবতলী পাইকারী কাঁচাবাজার এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী বিদ্যুতের সংকট তীব্র হচ্ছে। বিশ্বজুড়ে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে যে নির্দেশনা দিয়েছেন আমাদের সবাইকে সেই নির্দেশনা মেনে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমার কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষেই কর্মকর্তারা রুমে প্রবেশের আগে সব বাতি, পাখা, এসি বন্ধ রাখবে। কক্ষে প্রবেশের পরে প্রয়োজন অনুসারে সেগুলো চালু করবে। তবে এসির তাপমাত্রা কোনভাবেই ২৫ এর নিচে রাখা যাবে না।

বিদ্যুৎ সাশ্রয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। দয়া করে কেউ অফিস ও বাসা বাড়িতে বিদ্যুতের অপচয় করবেন না।

কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজারটি ঢাকার প্রান্তে স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, ঢাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পাইকারী কাঁচাবাজার গুলোকে শহরের প্রান্তে নিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি বাজারে আসা পণ্যবাহী গাড়িগুলো শহরে প্রবেশ না করলে যানজট অনেকাংশেই কমে যাবে এবং পাশাপাশি দ্রব্যমূল্যও হ্রাস পাবে।

তিনি বলেন, কারওয়ান বাজারে পাইকারি কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তরের লক্ষ্যে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। পাইকারী ব্যবসায়ীদের সাথেও আমরা আলোচনা করবো।

মেয়র বলেন, ব্যবসায়ীরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় এবং ঢাকাকেও যেন আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা যায়, সেটি বিবেচনা করেই পরিকল্পনা করা হবে।

পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

মেয়র আতিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *