বিশ্বকাপে বাঘিনীদেরও প্রথম শিকার পাকিস্তান

১৪ মার্চ ২০২২ (আর্ট নিউজ স্পোর্টস ডেস্ক): ১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছিলেন নান্নু, আকরাম, আতাহার, বুলবুলরা। একইভাবে নারী ওয়ানডে বিশ্বকাপেও বাঘিনীরা প্রথম জয়ের স্বাদ পেল পাকিস্তানকে হারিয়েই।

অভিষেক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯ রানে হারিয়েছে পাকিস্তানকে। এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

হ্যামিল্টনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আকতার। ৮ দশমিক ৫ ওভারে ৩৭ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে ১৭ রান করে বিদায় নেন সুলতানা। এরপর শারমিন-ফারজানা জুটিতে ৪২ রান যোগ করে। আউট হওয়ার আগে শারমিন ৬ চারে ৫৫ বলে ৪৪ রান করেন।

৭৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর টাইগ্রেসদের ইনিংসে ভীত গড়েন ফারজানা ও অধিনায়ক নিগার সুলতানা। ৩৮তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফারজানা। ৮৯ বলে ৪৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নবম অর্ধশতকের দেখা পান তিনি। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ রান করেছিলেন ফারজানা।

হাফ-সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে বিদায় নেন নিগার। ৬৪ বল খেলে এক চারে ৪৬ রান করেন কাপ্তান। তৃতীয় উইকেটে ফারজানার সাথে ১২৪ বলে ৯৬ রান যোগ করেন তিনি।

পাঁচ নম্বরে নামা রুমানা আহমেদকে নিয়ে দলের স্কোর ২শ পার করেন ফারজানা। এরপরই ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে শেষদিকে দ্রুত রান তোলার পথে চাপে পড়ে বাংলাদেশ। এসময় রুমানা ১৬, ফারজানা ৭১ ও ফাহিমা খাতুন খালি হাতে ফিরেন। ১১৫ বল খেলে ৫টি চারে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস গড়েন ফারজানা। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ৭১ রান করেছিলেন ফারজানা।

ইনিংসের শেষদিকে রিতু মনি ও সালমা খাতুনের ১১ রানের দু’টি ছোট ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের নাশরা সান্ধু ৪১ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২৩৫ রানের টার্গেট খেলতে নেমে শুরুটা মারকুটে করে পাকিস্তানিরা। তবে ২৪তম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু দেন স্পিনার রুমানা আহমেদ। দলীয় ৯১ রানে পাকিস্তানের প্রথম জুটি ভাঙে। ৪৩ রান করে ফেরেন নাহিদা খান।

৪১ দশমিক ৫ ওভারে ২ উইকেট ১৮৩ রান তুলেছিলো পাকিস্তান। এরপরই বল হাতে জ্বলে উঠেন বাংলাদেশের বোলাররা। ৪৪তম ওভারে তিন উইকেটের পতন হলে ৭ উইকেটে ১৮৮ রানে পরিণত হয় পাকিস্তান।

দলের এই বিপদের মাঝে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সিদরা। ১৪০ বলে ১০৪ রান করেন ওপেনার সিদরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৫ রান করে পাকিস্তানের মেয়েরা। ফলে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

আগামী ১৮ মার্চ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাঘিনীরা।

৩ খেলায় ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে বাংলাদেশ। আর ৪ খেলায় সবগুলো হেরে টেবিলের তলানিতে পাকিস্তান। ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৩৪/৭, ৫০ ওভার (ফারজানা ৭১, নিগার ৪৬, নাশরা ৩/৪১)।

পাকিস্তান: ২২৫/৯, ৫০ ওভার (সিদরা ১০৪, ফাহিমা ৩/৩৮, রুমানা ২/২৯)।

ফল: বাংলাদেশ নারী দল ৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: ফাহিমা খাতুন (বাংলাদেশ)।

ক্রিকেট/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *