বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম

২০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, তুরস্ক এবং আশেপাশের দেশসহ সার্কভুক্ত দেশগুলোর চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কম। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর প্রকাশিত পদ্মাসেতু ভিত্তিক সংবাদ সংকলনের ৭টি খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি একথা বলেন। প্রধান তথ্য অফিসার মোহাম্মদ শাহেনুর মিয়া এসময় উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর হাছান বলেন, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো, তিনি শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করি, এখনো পার্টটাইম পড়াই। মাস্টার হিসেবে একজন প্রাক্তন মাস্টারের কাছে অনুরোধ, মাস্টার সমাজের যাতে বদনাম না হয়, সেজন্য তার একটু পড়াশুনা করা দরকার। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির দিকে তাকে একটু তাকাতে বলবো। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটি ৮ দশমিক ৬ ভাগ। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি যুক্তরাজ্যে ৯ দশমিক ১ ভাগ, জার্মানীতে ৭ দশমিক ৯ ভাগ, রাশিয়াতে ১৭ দশমিক ১ ভাগ, তুরস্কে ৭৩ দশমিক ৫ ভাগ, নেদারল্যান্ডে ৯ দশমিক ৬ ভাগ।

তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় শ্রীলংকায় ৩৯ দশমিক ১ ভাগ, পাকিস্তানে ১৩ দশমিক ৮ ভাগ, ভারতেও ৭ শতাংশের ওপরে। আমাদের দেশে মে মাস পর্যন্ত সেটি ৬ শতাংশের একটু ওপরে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়ে ৭ শতাংশ হয়েছে, যেটি আজকে সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। দেশে এখনও এই কম মূল্যস্ফীতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে। বিশ্ব বাজারে ধীরে ধীরে ভোগ্যপণ্যের দাম কমছে, আমরা আশা করছি দু-এক মাসের মধ্যে এর সুফল পাবো।

মন্ত্রী এসময় তার নির্দেশে পদ্মা সেতুভিত্তিক দুই হাজারেরও বেশি সংবাদের সংকলন দ্রুত প্রকাশের জন্য তথ্য অধিদফতরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, পৃথিবীতে আমাজান নদীর পরেই সবচাইতে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা। আমাজানের ওপর এখনও কোনও সেতু নির্মিত হয়নি। দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার ওপর সেতু নির্মাণ ইতিহাসে এক অনন্য ঘটনা। পদ্মাসেতু শুধুমাত্র একটি সেতু নয়, পদ্মাসেতু বাঙালির গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক। এই পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার প্রমাণ করেছেন যে, কোনও রক্তচক্ষু তাকে দমাতে পারে না, কোনও ষড়যন্ত্রও তাকে থামাতে পারে না। সব ষড়যন্ত্র উপড়ে ফেলে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন দেশকে।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে গত অর্থবছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথার্থ বর্ণনা করে ডক্টর হাছান বলেন, প্রথমত করোনা দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। ইউরোপে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়ামসহ সমগ্র পৃথিবীতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ক’দিন আগে সব নাগরিকদের কাছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য মোবাইলে বার্তা পাঠানো হয়েছে উল্লেখ করে বার্তাটি পড়ে শোনান তিনি।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *