আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেয়া হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
সাহারা খাতুন এমপি’র ভাগিনা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর গুলশানে একটি বেসকারি হাসপাতালে ভর্তি হন। সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে মজিবুর রহমান জানান, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক যে অবস্তা তাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে। এ সিদ্ধান্ত জানার পর থাইল্যান্ডে নেয়ার ব্যবস্থা করা হয়।
ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডাক্তার সাগুফতা আনোয়ার গণমাধ্যমকে জানান, সাহারা খাতুনের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউ’তে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউ’তে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। পরে আবার আইসিইউ’তে স্থানান্তর করা হয়। আজ তাকে থাইল্যান্ডে নেয়া হয়েছে।















Leave a Reply