ভ্যানচালককে লাঞ্চিত করলেন সিলেটের মেয়র

২৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক, সিলেট): সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বেত দিয়ে পিটিয়েছেন একজন ভ্যানচালককে। গাড়িতে বসে মেয়রের ‌‘বেতের বাড়ি’ দেয়ার ঘটনায় নগরজুড়ে চলছে তোলপাড়।

শনিবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, দুই হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন একজন তরুণ ভ্যানচালক। গাড়ির জানালা দিয়ে বেত উঁচিয়ে ওই চালকের হাতে বাড়ি দিতে উদ্যত হয়েছেন মেয়র আরিফ। ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মেয়র জিন্দাবাজার-টোহাট্টা সড়ক ধরে যাচ্ছিলেন। তখন তিনি ওই চালককে ডেকে এনে তার হাতে বেতের বাড়ি দেন।

বিএনপি নেতা মেয়র আরিফুল হক চৌধুরী দাবি করেছেন তিনি বাড়ি দেননি। সড়কে ভ্যান রেখে মালামাল ওঠানো-নামানো করায় বেত উঁচিয়ে শাসিয়েছেন মাত্র।

মেয়র আরিফ বলেন, নগরীতে যানজট যেন না হয়, সে জন্য কয়েকদিন আগেও পরিবহণ শ্রমিকদের নিয়ে সিটি করপোরেশন সভা করেছে। সেখানে বলা হয়েছে, সকাল ১০টার আগে ভ্যানজাতীয় যানগুলোকে মালামাল ওঠানো-নামানোর কাজ শেষ করতে হবে। কিন্তু আজ দুপুরে তিনি দেখেন, ওই চালক ভ্যানগাড়ি দিয়ে মালামাল ওঠা-নামা করছেন। এতে সড়কে যানজট তৈরি হয়েছে।

বেতের বাড়ি দেয়ার কথা সত্য নয় দাবি করে মেয়র আরিফুল বলেন, আমি ওই চালককে বেত উঁচিয়ে শাসিয়েছি মাত্র। ভবিষ্যতে যেন এভাবে যান দাঁড় করিয়ে যানজট সৃষ্টি না করেন সেটি তাকে বুঝিয়েছি। অথচ বিষয়টি ভুল ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ছবিটি ছড়িয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন।

ওই ভ্যানগাড়ি ছিল একটি সিগারেট কোম্পানির। ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি ধ্রুব ভট্টাচার্য বলেন, ভুল সময়ে ভুলভাবে গাড়ি দাঁড় করিয়ে আমরা মালামাল সরবরাহ করছিলাম। তাই মেয়র আমাদের চালককে বেতের হালকা বাড়ি দিয়ে শাসিয়েছেন। যেহেতু ভুল আমাদেরই, তাই এ নিয়ে কোনও অভিযোগও নেই।

মেয়র আরিফ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *