মারিউপুলে প্রতিরোধ অব্যাহত, দাবি জেলেনস্কির

২২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে এখনও প্রতিরোধ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে শহরটি দখলে নেয়ার দাবি করে রাশিয়া।

রাশিয়া জানিয়েছে, তারা মারিউপোল শহর ‘মুক্ত করেছে’। কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আজভস্তাল কারখানায় এখনও অবস্থান করছেন। সেখানে আরও কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।

তবে জেলেনস্কি বলেন, লড়াই চলছে। ভিডিও ভাষণে তিনি বলেন, কিছু বিজয় অর্জিত হয়েছে এমনটা বোঝাতে দখলদারেরা আমাদের দেশের দক্ষিণ ও পূর্বে সবকিছুই করে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, দখলদারদের মারিউপোলসহ আমাদের ভূখণ্ড ছাড়তে হবে। তারা কেবল এ অনিবার্য পরিণতিটা বিলম্বিত করতে পারে। দখলদারেরা যাই বলুক না কেন, মারিউপোলে রুশ বাহিনীকে প্রতিরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তিন দিক থেকে স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী। তবে ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে রাজধানী কিয়েভের আশপাশ ও উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে রাশিয়া।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *