মুস্তাফিজের জোড়া আঘাত

০৪ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম টেস্টে শুরুতেই বাংলাদেশের রানের পাহাড় বেসামাল ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে পড়ে ২ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা।

সিরিজের প্রথম টেস্টের ১ম ইনিংসে মেহিদি মিরাজের সেঞ্চুরিতে ৪৩০ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। 

এরপর ব্যাট করতে নেমে শুরুতেই বিপদের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। দলীয় মাত্র ১১ রানেই আউট হয়ে যান ওপেনার জন ক্যাম্পবেল। ১৫ বল খেলে তার সংগ্রহ মাত্র ৩ রান। মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এরপর আবারও কাটার মাস্টারের অ্যাটাক। এবার তার শিকার শেন মজিলি। মাত্র ২ রানে সাজঘরে তাকে ফেরান মুস্তাফিজ। ২৩ বল মোকাবেলা করে দলীয় ২৪ রানে আউট হন তিনি।

ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের হাল ধরার চেষ্টা করছেন। 

এর আগে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আগের দিনের ৫ উইকেটে ২৪২ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিকরা। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাস ব্যাট হাতে দলকে লিড এনে দেয়ার স্বপ্ন দেখান। তবে দিনের শুরুতেই ফিরে যান লিটন। তার সংগ্রহ ৩৮ রান। 

এরপর মেহেদি মিরাজকে সাথে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব। তুলে নেন ক্যারিয়ারের ২৫তম ফিফটি। দীর্ঘদিন পর টেস্টে ফেরা টাইগার অলরাউন্ডার আউট হন ৬৮ রান করে। 

তবে অন্যপ্রান্তে অবিচল মিরাজ। দেখান নিজের ব্যাটিং দক্ষতা। দুই টেল এন্ডার তাইজুল ও নাঈম হাসানকে সাথে নিয়ে এগিয়ে নেন দলকে। তাইজুলের সাথে ৪৪ রানের জুটি গড়েন মিরাজ। এরপর নাঈমের সাথে গড়েন ৬৭ রানের জুটি। এই জুটিতে চারশ’র কোঠা পেরোয় টাইগাররা। 

তবে তাইজুল ও নাঈম ফিরে গেলেও, পথ হারান নি মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি। ১৬৮ বলে ১০৩ রানের দারুণ ইনিংসটি সাজান ১৩টি বাউন্ডারির সাহায্যে। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন, দল তখন রান পাহাড়ে। ৪৩০ রান সংগ্রহ বেশ সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। 

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *