৩১ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানে রুখে দিয়ে প্রথম ইনিংস শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বাগতিকদের দেয়া ১৩৬ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখে টপকে গেল টাইগাররা।
১৩৬ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে লিটন দাসের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। প্রথম ৬ ওভার তথা পাওয়ারপ্লে থেকে ৫৩ রান তোলে সফরকারীরা।
বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে রিচার্ড এনগারাভার বলে তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার ব্যক্তিগত মাত্র ৭ রানে বোল্ড হয়ে ফিরেছেন। সিরিজের প্রথম ম্যাচে ৪ রানের পর এই ম্যাচেও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।
মুনিম দ্রুত ফিরে গেলেও এনামুল হক বিজয়কে সাথে নিয়ে ঝড়ো গতিতে রান তোলা অব্যাহত রাখেন লিটন। নবম ওভারের শেষ বলে উইলিয়ামসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরার আগে ৬ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫৬ রান করেন তিনি।
লিটন আউট হওয়ার মাত্র ৩ বলের ব্যবধানে ফেরেন এনামুল হক বিজয়। ১৫ বলে ১৬ রান করে সিকান্দার রাজার বলে আউট হন তিনি।
এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে ৪৮ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৫ বল আগেই দলকে ৭ উইকেটের জয় উপহার দেন আফিফ হোসেন। দলের জয়ে ২৮ বলে ৩০ আর ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন আফিফ ও শান্ত।
এই জয়ের সুবাদে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। মঙ্গলবার হারারের একই ভেন্যুতে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সেই ম্যাচে যারা জিতবে সিরিজ তাদেরই হবে।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply