০৫ মার্চ ২০২১ (স্পোর্টস ডেস্ক): ম্যাচ চলাকালে করোনা পজিটিভের খবর। তড়িঘড়ি করে বন্ধ করে দেয়া হয় খেলা।
শুক্রবার সকালে আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার ম্যাচের ঘটনা এটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছিল পাঁচ ওয়ানডের প্রথম ম্যাচটি।
কারণ হিসেবে জানা গেছে, করোনার হানা পড়েছে আয়ারল্যান্ড দলে। আয়ারল্যান্ডের একাদশে থাকা পেসার রুহান প্রিটোরিয়াস করোনা ভাইরাসে আক্রান্ত। এ খবরে আর ঝুঁকি না নিয়ে প্রথম ওয়ানডে চলাকালে খেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।
সবার করোনা টেস্টের পর ফলের ভিত্তিতে দ্বিতীয় ওয়ানডে নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বন্দরনগরীতে দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৭ মার্চ। অর্থাৎ দুদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসছে।
ম্যাচটি স্থগিত হওয়ার আগে ৩০ ওভার খেলা হয়ে গিয়েছিল। ৪ উইকেট হারিয়ে ১২২ রান করেছিল বাংলাদেশ। আর তখনই প্রিটোরিয়াসের করোনা আক্রান্তের খবরের পর পর খেলা বন্ধ করে দেয়া হয়।
সূচি অনুযায়ী, চট্টগ্রামে আগামী ৯ মার্চ হবে তৃতীয় ওয়ানডে। এর পর ঢাকায় ফিরবে দুদল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ শেষ দুটি একদিনের ম্যাচ খেলার পর একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুটি টি২০ খেলবে সফরকারী দল।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply