রাশিয়ার অভ্যন্তরে বানানো হচ্ছে ইরানি ড্রোন, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতার সম্পর্ক গভীর হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ইরান শত শত ড্রোন পাঠিয়েছে এবং সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে ওয়াশিংটন দাবি করেছে, রাশিয়ায় ইরানের এই ড্রোন উৎপাদনে দুই দেশ একসাথে কাজ করছে।

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এসব কথা বলেন।

নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউস বলছে, ইরানে তৈরি হওয়া ড্রোন বা চালকবিহীন উড্ডয়ন যানগুলো (ইউএভি) কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার জন্য পাঠানো হয়েছে। রুশ বাহিনী সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের জনগণকে ভয় দেখাতে রাশিয়া ইরানের তৈরি ইউএভি ব্যবহার করছে। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতার সম্পর্ক গভীর হচ্ছে।

জন কিরবি আরও বলেন, রাশিয়াতেই যেন ইরানি ড্রোন তৈরি করা যায়, তা নিশ্চিত করতে তেহরানের সাথ কাজ করছে মস্কো। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

একটি ড্রোন কারখানা গড়তে ইরানের কাছ থেকে রাশিয়া প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে-যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে দাবি করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। বলেন, আগামী বছরের শুরুর দিকে এটি পুরোদমে চালু হতে পারে।

জন কিরবির বলেন, রাশিয়ার আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রোন উৎপাদনের কারখানাটি তৈরির কথা ভাবছে মস্কো। যুক্তরাষ্ট্র ওই এলাকার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।

কিরবি বলেন, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিকস, আকাশ প্রতিরক্ষাসহ নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে ইরানকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। এটি পূর্ণমাত্রার প্রতিরক্ষা সহযোগিতা, যা ইউক্রেন, ইরানের প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকির কারণ হবে।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ