০৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): রাশিয়ায় ২৮ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে।
উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সাথে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, উড়োজাহাজটি যথাযথ সময়ে সাড়া না দেয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটি নিখোঁজ হয়েছে। এএন-২৬ প্লেনটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি জানান, বিমানে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু।
আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।
রাশিয়া/এসকেএম















