রোহিঙ্গা: চিনের আস্থা মিয়ানমারে

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২০ (ইন্টারন্যাশনাল ডেস্ক): বাস্তব পরিস্থিতি ভিন্ন। তবু রোহিঙ্গা ইস্যুতে চিন ভরসা রাখছে মিয়ানমারের ওপর। চিনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং লি তা স্পষ্টও করেছেন। জানিয়েছেন, মিয়ানমার তাদের আশ্বস্ত করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তারা ফেরত নিবে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেনের সাথে ফোনালাপে ওয়াং লি রোহিঙ্গা ইস্যুতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছে। মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবসনের বিষয়ে তারা শিগগিরই বাংলাদেশের সাথে আলোচনা শুরু করবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গদের যাতে ফিরিয়ে নেয়া যায় সে লক্ষ্যে মিয়ানমার কাজ শুরু করবে।

ইয়াং লি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, মিয়ানমারের নির্বাচনের পর প্রথমে রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে বাংলাদেশ, চিন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রি-পক্ষীয় বৈঠকের উদ্যোগ নেয়া হবে।
ফোনালাপে চিনের পররাষ্ট্র মন্ত্রী দ্রুতই ঢাকায় সিনিয়র কর্মকর্তা পর্যায়ে প্রস্তুতিমূলক ত্রি-পক্ষীয় বৈঠক শুরু করার ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পিরোজপুরে চিনা নাগরিক হত্যার বিষয়েও কথা বলেন ওয়াং লি। তিনি এই হত্যাকাণ্ডের পাশাপাশি চিনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপর তার সরকার আস্থাশীল বলে মন্তব্য করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন বলেন, এ ঘটনার প্রধান আসামিসহ দুই জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। চিনা নাগরিক হত্যার বিচার দ্রুত করার আশ্বাস দেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী।

রোহিঙ্গা/টিটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *