১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): লকডাউন দিলেও বিএনপি সমালোচনা করে, লকডাউন শিথিল করলেও সমালোচনা করে, বিএনপি’র নেতৃবৃন্দ আসলে কি চান সেটিই বোধগম্য নয়। এমনটাই বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন।
ডক্টর হাছান বলেন, ঈদের আগে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। অনেক চিন্তা-ভাবনা করেই এটি করা হয়েছে। যখন দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হলো, তখন দেখলাম বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লকডাউন কেন দেয়া হলো, সেজন্য প্রচন্ড সমালোচনা করলেন। আবার যখন এক সপ্তাহের জন্য শিথিল করা হলো, তখন কেন শিথিল করা হলো, সেটির জন্য আবার সমালোচনা করলেন। আসলে উনারা চানটা কি, সেটিই হচ্ছে প্রশ্ন।
আসলে তারা চান দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হোক। তাহলে পানি ঘোলা করে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে। কিন্তু সেই সুযোগ বিএনপিকে ভবিষ্যতে জনগণ আর দেবে না’, বলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, করোনাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য যে সহায়তার নজীর স্থাপন করেছেন। তা দেখে অন্যদেশ কিছু কিছু পদক্ষেপ নিলেও এখনও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় কোথাও এমন দৃষ্টান্ত নেই।
তথ্যমন্ত্রী বলেন, যে সমস্ত সাংবাদিক প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনায় মুখর থাকেন, তাদের জন্যও এই ট্রাস্টের সহায়তা উন্মুক্ত। কারণ রাষ্ট্র সবার জন্য।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সচিব মোহাম্মদ মকবুল হোসেন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
তথ্যমন্ত্রী/এসকেএম















