২৫ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা। কাপ্তান তামিম আর নাম্বার ওয়ান সাকিব গুটিয়ে গেলেন অল্পতেই। এরপর লিটন দাসকে সাথে নিয়ে মিস্টার ডিপেন্ডেবল মুশফিক গড়েন ২০২ রানের রেকর্ড জুটি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে টাইগারদের সংগ্রহ ৩০৬ রান।
লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে ফেরেন সাজঘরে।
তামিম ইকবাল এবং লিটন দাস মিলে শুরুটা বেশ দারুণ করেছিলেন। তবে সপ্তম ওভারে ফজল হক ফারুকির বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তামিম। ঝুলিতে ২৪ বলে দুই চারে ১২ রান, দলীয় ৩৮ রানে। এরপর দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সাথে ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন লিটন। রশিদ খানের প্রথম ওভারের দ্বিতীয় বলে সাকিবও এলবিডাব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ব্যক্তিগত ২০ রানে। এতেই ৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশের।
এরপর ঘুরে দাঁড়ানো, লিটন-মুশফিকের ব্যাটে চড়ে।
রঙিন পোশাকের অনেকদিনই রান খরায় ভুগছিলেন লিটন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ। সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন। আউট হয়েছিলেন মাত্র ১ রান করে। দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠলেন লিটন। ফাজলুল ফারুর বিপক্ষেও শুরুতে সাবধানী লিটন বাকিদের বিপক্ষে রান তুলে সেটা পুষিয়ে দিয়েছেন।
তৃতীয় উইকেটে মুশফিকের সাথে ২০২ রানের জুটি গড়েন লিটন। ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৬টি চার আর দুটি ছক্কায় ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আউট হন ফরিদ আহমেদের বলে। পরের বলেই মুশফিকুর রহিমের ৯৩ বলে ৮৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটে। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফরিদ আহমেদ। আর একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি এবং রশিদ খান।
ক্রিকেট/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply