নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীসহ ৩৪ শিক্ষার্থীকে আটকের বিষয়টি গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, গ্রেফতার শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের বিপরীতে প্রয়োজনীয় কোনও আলামত পুলিশের কাছে ছিল না। পরে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সাজানো মামলায় শিক্ষার্থীদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
মঙ্গলবার বিকেল ৩টায় বুয়েট শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতার শিক্ষার্থীদের অভিভাবকরা এসব অভিযোগ করেন।
এর আগে, ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে রোববার রাতে গ্রেফতার হন বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে অভিভাবকরা বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়া আমাদের সন্তান, আপনজন বুয়েটের ২৪ জন শিক্ষার্থীসহ মোট ৩৪ জন পর্যটককে পুলিশ আটক করে মামলা দায়ের করেছে। হঠাৎ এমন অনাকাঙ্খিত সংবাদ আমাদেরকে মর্মাহত করেছে। আমাদের সন্তানদের অন্যায়ভাবে আটক করা এবং সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে। এ অবস্থায় নিরুপায় হয়ে আমরা গণমাধ্যমের দ্বারস্থ হয়েছি।
অভিভাবকদের পক্ষে আলী আম্মার মুয়াদের বড় ভাই আলী হাসান জোনায়েদ সংবাদ সম্মেলনে কথা বলেন।
শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে, সে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের সন্তানদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার হুমকির মুখে। আমরা বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে উদ্বেগের কথা জানিয়েছি। এ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে তাদের অনুরোধ করেছি।
জোনায়েদের দাবি, গ্রেফতার ও উদ্ধারের যে অভিযোগের অবতারণা করা হয়েছে, সেটি অত্যন্ত হাস্যকর এবং পরিষ্কারভাবে বানোয়াট বিষয়। শিক্ষার্থীরা টার্ম-ব্রেকের ছুটির মধ্যে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। তাদের সাথে সদ্য এসএসসি পাস কয়েকজন আত্মীয় ছিল। এ অবস্থায় তারা টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে নাশকতার পরিকল্পনা করেছে, এমন অভিযোগ হাস্যকর।
তিনি বলেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে আমাদের সন্তানেরা জড়িত নয়। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র হিসেবে এবং ভালো সন্তান হিসেবে তাদের নিয়ে গর্ব অনুভব করি। তারা কোনও রাজনীতির সাথে জড়িত, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা পরিষ্কার ভাষায় বলছি তারা সাধারণ শিক্ষার্থী মাত্র।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে, শিক্ষার্থীদের পরিবার হিসেবে আমরা মানসিকভাবে বেদনাদায়ক অবস্থা পার করছি। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যত জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। দ্রুত তাদের জামিন প্রদান ও মামলা থেকে মুক্তি দেয়ার জন্য বিচারবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে বুয়েট প্রশাসন, বুয়েটের শিক্ষার্থীদের অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে নিরাপরাধ সন্তানদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
বুয়েট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply