২৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): করোনা থেকে সুরক্ষায় শিগগিরই ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেয়া হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
মন্ত্রী জানান, কিছু দিন আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন ছিল না। এখন অনুমোদন পেয়েছি। শিশুদের জন্য উপযোগী টিকাও আমাদের হাতে এসেছে। শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের টিকা দেয়া হবে।
জাহিদ মালেক বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখ। তাদের জন্মসনদ দিয়ে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করা যাবে। যারা এখনও নিবন্ধন করেনি তাদের অভিভাবকদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য খাতে দেশ অনেকদূর এগিয়ে গেছে। স্বাস্থ্যের উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না। টিকায় আমরা উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। আমরা শিশু মৃত্যু হার কমিয়েছি।
তিনি বলেন, বর্তমানে মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে। প্রধানমন্ত্রী গবেষণায় গুরুত্বারোপ করেছেন। দেশে আগে বাইপাস সার্জারি হতো না, এখন অহরহ হচ্ছে; ট্রান্সপ্লান্ট হচ্ছে। আগে ওষুধ আমদানি করতাম, এখন রপ্তানি করি। টিকা তৈরির পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এই কার্যক্রম পরিচালনা করতে গোপালগঞ্জে জায়গা নিয়েছি। সেখানেই সব টিকা উৎপাদন করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ।
স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply