২৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতার দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামাল তরুণ প্রজন্মের অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস।
বুধবার শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ জামাল হতে পারে বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত।
প্রতিমন্ত্রী রাসেল বলেন, শেখ জামাল শুধু সেনাবাহিনীর একজন মেধাবী ও চৌকস অফিসারই ছিলেন না, একজন প্রকৃত দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি অনন্য অবদান রেখেছিলেন। সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে রয়েছে তার অনবদ্য ভূমিকা। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে একেকটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদানও সূর্যের আলোর মতোই দীপ্যমান। আমাদের তরুণ প্রজন্মকে তার কর্মময় জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হবে।
তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে শহীদ শেখ জামালের অবদানকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে জাতীয় টেনিস কমপ্লেক্সকে শেখ জামালের নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহন করেছি। তিনি শুধু ফুটবল ক্রিকেট নয়, ভালো টেনিস খেলোয়াড়ও ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানি দোসর বিএনপি জামায়াত চক্ররা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতার পরিবারের সদস্যদের প্রকৃত অবদানকে বিকৃত করার অপচেষ্টা চালিয়েছিলো।
যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ ও শহীদ শেখ কামালের ঘনিষ্ঠ সহচর স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানভীর মাজহার ইসলাম তান্না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্বর্তন কর্মকর্তারা ও বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা।
উল্লেখ্য, শহীদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উদযাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়াও বিকালে প্রস্তাবিত শহীদ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে গরীব অসহায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী/এসকেএম














