২৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সারাবিশ্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী থাকলেও সরকার তা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দেশে খাদ্য পণ্য ব্যাপকহারে উৎপাদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বুধবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল (বিইউপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনভায়রনমেন্টাল ফেস্ট-২০২২ এর ‘লাইভঅ্যাবিলিটি অ্যান্ড দ্য রোল অব লোকাল গভর্নমেন্ট: বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব উল আলম এবং মূল বক্তব্য উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর এসএম যোবায়দুল করিম।
তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের মহাসংকট শেষ হতে না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পুরো বিশ্বে নতুনভাবে সংকট সৃষ্টি করেছে। আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি এবং দেশীয় খাদ্য পণ্য উৎপাদনে সরকার আগে থেকেই বিশেষ উদ্যোগ নেয়ায় আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হচ্ছি।
তিনি বলেন, গৃহস্থালি ও শিল্প বর্জ্যের পাশাপাশি নির্মাণ বর্জ্যও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে। ইতোমধ্যেই ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সব সিটি কর্পোরেশন এবং শহরাঞ্চলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। পৌরসভাগুলোতেও ছোট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ পরিবেশ দূষণ। আর এই পরিবেশ দূষণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর প্রভাব অনেক কম। এসব দেশের তুলনায় উন্নত দেশগুলো পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে।
পরে, দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী।
তাইজুল ইসলাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply