সরকারের সহায়তায় কেউই অসহায় থাকবে না

৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের সহায়তায় দেশে কেউই অসহায় ও দুস্থ থাকবে না। সরকারের নেয়া দুরদর্শী পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে সব শ্রেণির মানুষের অবস্থার উন্নয়ন হবে।

রোববার মৌলভীবাজার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দুস্থদের মধ্যে ঢেউটিন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শংকর জাতের বকনা গরু বিতরণ করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনগণকে দেয়া শংকর জাতের গরু মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অভাবনীয় উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেল যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে মানুষ লোডশেডিংয়ের কথা ভুলে গেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *