সাইফের ওপর হামলা, ভুলে আটক হওয়া তরুণের বিয়ে ভেঙেছে, চাকরিও হারিয়েছে

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই শহরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় এর মধ্যেই শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সেই গ্রেফতার-তদন্তে সাইফ ও কারিনার বয়ান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর মধ্যেই প্রকাশ্যে এল আকাশ কৈলাশ কানোজিয়ার নাম। সাইফের ওপর হামলার ঘটনায় পুলিশ ভুল করে তাকে আটক করে। পরে মুক্তি পেলেও এই ঘটনার জেরে তিনি চাকরি হারিয়েছেন, বিয়েও ভেঙে গেছে। কৈলাশ নিয়ে সবিস্তার প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পুলিশের ভুলে ৩১ বছরের আকাশ কৈলাশ কানোজিয়া হারিয়েছেন তার বিয়ে ও চাকরি, মুম্বাইয়ের কোলাবার বাসিন্দা এমনই অভিযোগ এনেছেন। ১৭ জানুয়ারি জ্ঞানেশ্বর এক্সপ্রেসে মুম্বাই থেকে বিলাসপুর যাচ্ছিলেন কানোজিয়া। সেই সময় তাকে সাইফের বাড়িতে হামলাকারী সন্দেহে আটক করা হয়। অভিনেতার অ্যাপার্টমেন্টে চুরির চেষ্টার পেছনে তিনিই আছেন বলে আরপিএফকে সতর্ক করে মুম্বাই পুলিশ।

কৈলাশ জানিয়েছেন, আরপিএফ (রেলওয়ে প্রটেকশন ফোর্স) কর্মীরা শুধু আমাকেই গ্রেফতার করেনি, আমার ছবিসহ একটি প্রেস বিবৃতিও দিয়েছে, যা টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমগুলো ব্যাপকভাবে দেখিয়েছে। ফলস্বরূপ, কনের পরিবার আমার সাথে সাক্ষাৎ বাতিল করেছে এবং আমার নিয়োগকর্তা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে।

মুম্বাইয়ে পশ্চিম রেলওয়েতে কর্মরত একটি ট্যুর সংস্থায় গাড়িচালক হিসেবে কাজ করতেন কানোজিয়া। ১৭ জানুয়ারি মুম্বাই পুলিশের তরফে তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় আছেন। তিনি বাড়িতে আছেন বলে ওই অফিসারকে জানালে তিনি ফোন কেটে দেন।

পরের দিন কৈলাশ মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উঠেছিলেন ছত্তিশগড়ের তার পৈতৃকবাড়ি নেহলায় অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে। নেহলা যাওয়ার জন্য তার বিলাসপুরে ট্রেন বদল করার কথা ছিল। ওই অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করার পর কৈলাশের হবু কনের পরিবারের সাথে দেখা করার কথা ছিল।

১৮ জানুয়ারি সকাল ১০টা নাগাদ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্গ জংশনে পৌঁছালে হামলাকারী সন্দেহে আরপিএফ কর্মীরা তাকে আটক করে রায়পুরে নিয়ে যান। প্রায় ১২ ঘণ্টা পর মুম্বাই পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশ তাকে জানায়, তদন্তের জন্য পরের দিন তাকে শহরে ফিরিয়ে আনা হবে।

‘আমি পুলিশকে বলেছিলাম, সাইফ আলী খানের ওপর হামলার সাথে আমার কোনও যোগ নেই এবং তাদেরকে আমার আত্মীয়দের সাথে কথা বলার প্রস্তাবও দিয়েছিলাম। আমি তাদের আরও বলেছিলাম যে তারা তাদের সন্দেহ দূর করার জন্য আমার বাড়ির কাছে লাগানো সিসিটিভি থেকে ফুটেজও পরীক্ষা করতে পারে। কিন্তু তারা আমার কোনও কথায় কর্ণপাত করেনি, উল্টো তারা আমার ছবি তুলে গণমাধ্যমে প্রচার করে দাবি করে যে আমিই হামলাকারী, বলেন কৈলাশ।

এরপর ১৮ জানুয়ারি রাতে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে থানে থেকে আটক করে এবং দাবি করে যে তিনিই ডাকাতি করার উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন।

পরের দিন সকালে পুলিশ কর্মকর্তারা কৈলাশকে ছেড়ে দেন। তাকে বলা হয়, তিনি তার দাদির বাড়িতে যেতে পারেন। ‘মুক্তি পাওয়ার পর যখন আমি আমার মায়ের সাথে (মুম্বাইয়ে) কথা বলি, তখন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কারণ, সব নিউজ চ্যানেলে আমার ছবি দেখানো হয়েছিল। মা আমাকে অবিলম্বে বাড়ি ফিরে যেতে বলেন। পরের দিন যখন আমি আমার নিয়োগকর্তাকে ফোন করি, তখন তিনি আমাকে কাজের জন্য রিপোর্ট করা বন্ধ করতে বলেন। তিনি আরও বলেন, আপনি আইনি ঝামেলায় জড়িয়েছেন, আপনার কারণে আমি সমস্যায় পড়তে চাই না। আমি তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি আমার কথা শুনতে রাজি ছিলেন না।

এই সময়ে তিনি তার দাদির কাছ থেকে একটি ফোন পান। আর তাকে জানানো হয় যে নিউজ চ্যানেলগুলোতে তার ছবি দেখে তার হবু কনের পরিবার বিয়ে ভেঙে দিতে চাইছে। কৈলাশকে বলতে শোনা গেল, যা ঘটেছে তারপর আমি নিশ্চিত নই যে ভবিষ্যতে বিয়ে করতে পারব কি না। এমনকি দীর্ঘদিন পর তার পরিবারের অবস্থা ভালো ছিল, এখন কাজ হারানোয় সব আটকে গেছে বলেও দুঃখ প্রকাশ করেন।

কৈলাশ বলেন, আমি আশা করি, আদালত শেষ পর্যন্ত আমাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেবে। এ ছাড়া তাকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে এমন সব ছবি ইন্টারনেট থেকে সরিয়ে নেয়ার আবেদন করেছেন। কৈলাশ জানান, আর্থিক অবস্থা খারাপ থাকায় নিজের জন্য কোনও আইনজীবী নিয়োগ করার মতো ক্ষমতাও তার নেই।

সাইফ আলী খান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *