নিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সোমবার সকাল থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনটির চারপাশে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা।
এদিকে আজ বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আজকে মামলা করা হবে।
গতকাল রোববার সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে শিরিন ভবনের তিনতলায়। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ভবনে বিস্ফোরণ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।
গতকালের বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে মনে করে অন্যান্য ভবনের লোকজনও নিচে নেমে আসেন। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ৪টি ইউনিট মিলে ১৮ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে এনে উদ্ধারকাজ শুরু করে। শুরুতে খবর ছড়িয়ে পড়ে, শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বিস্ফোরিত হয়েছে। পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। তারা ঘটনাস্থলে গ্যাস ডিটেক্টর (শনাক্তকারী যন্ত্র) দিয়ে পরীক্ষা করে সেখানে গ্যাসের উপস্থিতি পেয়েছে বলে জানায়।
তবে ঠিক কোথায় ও কীভাবে গ্যাস জমে ছিল, কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়, সেটা গতকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তারা জানান, কোনও আবদ্ধ জায়গায় স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ঘনত্বের গ্যাস থাকলে বৈদ্যুতিক সুইচ, শর্টসার্কিট, দেশলাই বা লাইটারসহ এ ধরনের যেকোনও কিছু থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply