সিংহের দেহে করোনার হানা

০৪ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। প্রতিদিন সংক্রমণ-মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে। এবার প্রাণঘাতি এ করোনার হানায় সিংহ।

মঙ্গলবার এ খবর দিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

দেশটির হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮টি এশিয়াটিক সিংহ করোনায় আক্রান্ত হয়েছে। মানুষ ছাড়াও পশুর মধ্যে করোনার সংক্রমণে চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের।

ভারতে পশুতে করোনা আক্রান্তের খবর এবারই প্রথম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বেশকিছু দিন ধরেই ৮টি সিংহের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এরপরই সিংহগুলোর করোনা পরীক্ষা করা হয়।

এরপর গত ৩০ এপ্রিল সেই পরীক্ষার রিপোর্টে সিংহদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পশুতে করোনা সংক্রমিত হলে সেটি ভারতের জন্য অশনি সংকেত।

নেহেরু জুওলজিকাল পার্কের পশু চিকিৎসক ডাক্তার কুক্রেটি বলেন, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টে কোভিড পজিটিভ ফলাফল এসেছে। আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে সিংহগুলোর শারীরিক অবস্থা ভালো। বর্তমানে তাদের পর্যবেক্ষনের জন্য আলাদা রাখা হয়েছে।

কীভাবে পশুদের শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, পার্কের দর্শনার্থী বা পশুদের দেখভালের দায়িত্বে থাকা কারও শরীর থেকে সিংহগুলো সংক্রমিত হয়েছে। এরপরই ২ এপ্রিল থেকে পার্কের দরজা জনসাধারণের জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। এদিকে চিড়িয়াখানার দায়িত্বে থাকা ২৫ জন কর্মীর শরীরে করোনার উপস্থিতি মিলেছে।

তবে পশুতে করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ভারতে প্রথমবারের মত হলেও গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানার মোট ৮টি বাঘ ও সিংহের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছিল।

করোনা ভাইরাস/এসকেএম