২৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): সুন্দর দেশ, সমাজ ও পৃথিবী গড়তে চলচ্চিত্র অনন্য ভূমিকা রাখতে পারে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
রোববার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এদেশের কালজয়ী চলচ্চিত্রগুলো আমাদের স্বাধিকার আন্দোলনে। স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনতাউত্তরকালে দেশ গঠনে ভূমিকা রেখেছে। একইসাথে অনেক বিষয় যা সমাজ ও সমাজপতিরা ভাবে না, সেগুলোও চলচ্চিত্রের মাধ্যমে উঠে আসে। সমাজকে পথ দেখায়।
বিশ্বব্যাপী করোনা মহামারির প্রতিকূলতার মধ্যেও ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন থমকে যায়নি, এজন্য আয়োজকদের অভিনন্দন জানান মন্ত্রী। বলেন, চলচ্চিত্র শুধু মানুষকে কাঁদায়, হাসায় বা আনন্দই দেয় না, একটি ভালো চলচ্চিত্র দেশ ও সমাজকে পথ দেখায়। সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। আজকে পৃথিবী প্রচন্ড ব্যক্তি কেন্দ্রিক, মানুষ আজ যন্ত্রের ব্যবহারের সাথে সাথে নিজেও যন্ত্র হয়ে যাচ্ছে, অনুভূতি, সহানুভূতি যেন লোপ পাচ্ছে। এই প্রেক্ষাপটে মানুষ যেন মানুষ থাকে, মানুষ যেন যন্ত্র হয়ে না যায়, সেই ক্ষেত্রে চলচ্চিত্র ভূমিকা রাখতে পারে।
দেশে চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরির জন্য এসময় বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমাদের চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল। তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র শিল্প যাতে ঘুড়ে দাঁড়ায় এবং বাংলা চলচ্চিত্র যেন বিশ্বময় জায়গা দখল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply