নিউজ ডেস্ক: আট দিনের ব্যবধানে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে এখন প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সংশোধনের এ ঘোষণা দেয়া হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১০ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ২৩৪ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৯৩৯টাকা।
তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।
সোনা/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply