সোমালি জলদস্যুদের বিরুদ্ধে সামরিক অভিযানে রাজি নয় মালিকপক্ষ

নিউজ ডেস্ক: সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে উদ্ধারে কোনো ধরনের সামরিক অভিযানের বিষয়ে আপত্তি রয়েছে মালিকপক্ষের। যে কারণে সরকার ও মালিকপক্ষ থেকে কূটনৈতিক তৎপরতাকে প্রাধান্য দেয়া হয়েছে। তাই এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলে বার্তা দেয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নাবিকদের অক্ষত অবস্থায় মুক্ত করাই আমাদের উদ্দেশ্য। এজন্য আমরা জলদস্যুদের সাথে যোগাযোগ করে যাচ্ছি। তাদের সাথে আলোচনা চলছে। জিম্মি জাহাজে সোমালি পুলিশ বা ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সসহ যেসব সামরিক অভিযানের কথা আসছে সে সম্পর্কে আমরা জানি না। আমরা স্পষ্ট করেই বলছি, আমরা কোনা সামরিক অভিযান চাই না। আমরা আমাদের নাবিকদের ঝুঁকিতে ফেলতে পারি না। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, নাবিকদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা ভালো আছেন। তাদের পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখছি। সবমিলিয়ে আমরা নাবিকদের সুস্থভাবে উদ্ধার করতে চাই।

উল্লেখ্য, ১২ মার্চ দুপুরে ৫৮ হাজার মেট্রিক টন কয়লাবহনকারী কেএসআরএম-এর মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালি জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ নাবিককে দস্যুরা জিম্মি করে রেখেছে। জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা আছে।

স্মর্তব্য, ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুরা বাংলাদেশি জাহাজ ‘জাহান মনি’ দখল করেছিল। জাহাজে থাকা ২৫ নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। ১০০ দিন চেষ্টার পর তারা জলদস্যুদের কবল থেকে মুক্তি পান।

জলদস্যু/এএমটি/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *