গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১ হাজার ২০৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।
তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। গতকাল পর্যন্ত সুস্থ ছিলেন ১৮ হাজার ৭৩০ জন। এ বিষয়ে তিনি বলেন, যারা লক্ষণ উপসর্গ নিয়ে বাড়িতে থেকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন তাদের নামও আইইডিসিআর তালিকায় যোগ করায় সুস্থতার সংখ্যা বেড়েছে।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৬ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।
অঞ্চল বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন রয়েছেন।
৩৮ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় ২ জনকে।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় দেশের ৫৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮টি। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ১৬ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
ডাক্তার নাসিমা সুলতানার দেয়া তথ্য অনুযায়ী, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৬৮২ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ১৮ হাজার ৯২১ জনকে স্কিনিং করা হয়েছে।















