নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচারিক আদালত (নিম্ন আদালত) থেকেও জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। মামলাটি দায়ের হয়েছিল রাজধানীর রমনা থানায়।
বুধবার (৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আছাদুজ্জামানের আদালতে মতিউর রহমানের জামিননামা দাখিল করা হয়। এরপর মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত আদালত তার জামিন বহাল রাখেন। একইসঙ্গে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করেন। ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মতিউর রহমানের আইনজীবী এহসানুল হক সমাজী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, আদালত ২০ হাজার টাকার মুচলেকায় অন্তঃবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আগামী ১৬ আগস্ট পূর্ণাঙ্গ শুনানির জন্য তারিখ ধার্য করা হয়।
গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান মতিউর রহমান। হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি আজ জামিননামা দাখিল করে আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, আইনজীবী আবদুল মালেক ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক। এ মামলায় শামসুজ্জামানও জামিনে আছেন।
প্রথমআলো/এএমএম/টিটি















Leave a Reply