আবারও শিশু ধর্ষণ

২৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, বাগেরহাট): এবার ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের শিশু। ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোরে বাগেরহাটের চিতলমারি উপজেলার চরবানিয়ারী গ্রাম থেকে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ওই দুই কিশোরকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চিতলমারি থানার ওসি মীর শরিফুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে খেলার কথা বলে বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে ওই দুই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে শিশুর বাবা ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। ধরা পড়ার পর দুই কিশোর নিপীড়নের শিকার শিশুর বাবার কাছে ক্ষমা চেয়ে চলে যায়।

শিশুটিকে তার বাবা প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়।

শিশু ধর্ষণ/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *