ঈদের পর খুলবে শাবিপ্রবি

২৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): বন্যা পরিস্থিতির পুরো উন্নতি না হওয়ায় ঈদের পর খুলবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ক্যাম্পাসে বন্যার পানি ঢুকে যাওয়ায় গত ১৭ জুন ৮ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা শুরুর কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির পুরো উন্নতি না হওয়ায় ঈদের আগে আর খুলছে না শাবিপ্রবি। ঈদের ছুটির পর পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি জানান, ক্যাম্পাস  থেকে পানি নেমে গেছে। তবে সিলেটসহ দেশের অনেক জায়গায় এখনও বন্যা রয়ে গেছে। অনেক শিক্ষার্থী বাড়ি গিয়েও বন্যার কারণে আটকা পড়েছে। এসব বিবেচনায় গত বুধবার (২২ জুন) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় আসন্ন ঈদুল আযহার ছুটি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষাসমুহ স্থগিত থাকবে ও সেমিষ্টার ক্লাসসমুহ অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিন্ডিকেটের এমন সিদ্ধান্ত  ইতোমধ্যে রেজিস্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। তবে এসময় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো ১৫ জুলাই থেকে শুরু হবে। তবে সময়সূচি স্ব স্ব বিভাগ থেকে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ জুন থেকে সিলেটে ব্যাপক বন্যায় বাদ পড়েনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পানিতে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ায় ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ক্লাসপরীক্ষা স্থগিত করা হয়।

শাবিপ্রবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ