করোনায় আক্রান্ত: ১০ হাজার ছাড়িয়েছে

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি এ পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৮২ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া সবাই পুরুষ। এছাড়া এই সময়ের মধ্যে ১৪৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গতকালের চেয়ে আজ সোমবার আক্রান্ত ২৩ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬৬৫ জন।

ডাক্তার নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩১৫টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৫ হাজার ২১৪টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ২১ দশমিক ১১ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৬০টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৫ হাজার ৩৬৮টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ১৬ দশমিক ৬১ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা সংগৃহিত হয়েছে ৮৭ হাজার ৬৯৪টি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *