চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহীর মৃত্যু

২২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এশিয়াটিক প্রজাতির একটি সিংহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টায় সিংহী নদীকে মৃত অবস্থায় দেখতে পান সিংহ বেষ্টনীর দায়িত্বে থাকা কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেন পার্কের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম।

পার্ক কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, মারা যাওয়া সিংহীর নাম নদী রেখেছিল পার্ক কর্তৃপক্ষ। প্রায় দুই মাস আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে নদীর সঙ্গী সোহেল বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যায়। সোহেল মারা যাওয়ার পর বেষ্টনীর একটি কক্ষে নদীর সাথে থাকত সম্রাট।

গত ২ মার্চ নদী ও সম্রাটের মধ্যে প্রথম মারামারি হয়। এদিন একে অপরকে কামড় দেয়। চিকিৎসায় দুজনই মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল। দুজনকে আবারও বেষ্টনীর এক কক্ষে রাখা হয়। ২৫ দিন পর গত ২৭ মার্চ ফের আবারও পরস্পরে কামড়াকামড়িতে জড়িয়ে পড়ে। এ সময় নদীর পেট ও গলায় কামড় বসিয়ে দেয় সম্রাট। এতে রক্তাক্ত অবস্থায় নদীকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা করা হয়। নদীর অবস্থার অবনতি দেখা দিলে দুটি মেডিকেল বোর্ডও বসায় পার্ক কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তত্ত্বাবধায়ক) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, নদীকে বাঁচাতে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছিল। সব চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সিংহী মৃত্যুর বিষয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাত মোহাম্মদ জুলকার নাইন সিংহী নদীর মরদেহের ময়নাতদন্ত করেছেন। ময়নাতদন্ত সম্পন্ন করার পর সিংহীর মরদেহ মাটিচাপা দেয়া হয়।

সিংহীর মৃত্যু/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *