১২ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): চার ম্যাচ নয়, তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সাথে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে দেশ সেরা এ তারকা ক্রিকেটারকে।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় সাকিবকে এ শাস্তি দেয়া হয়। শাস্তি মেনে নেয়ায় এ ঘটনায় আর কোনও শুনানির প্রয়োজন নেই।
শনিবার দুপুর দুইটার দিকে ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানও শাস্তির নোটিশ হাতে পান সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়।
এর আগে মোহামেডান ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সাকিবকে চার ম্যাচের জন্য বহিষ্কার করা হতে পারে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারে সাকিব এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। এতে সাকিব মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন।
এখানেই ঘটনার শেষ হয়নি। ইনিংসের ৫ দশমিক ৫ ওভারের সময় বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন। তখনই সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে ছুড়ে মারেন।
এরপর মাঠ ত্যাগ করার সময় আবাহনীর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে কিছু বললে ক্ষেপে গিয়ে তেড়ে আসেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। এগিয়ে যান সাকিবও। পরে দুইজনকেই থামান মাঠের অন্য ক্রিকেটাররা।
ক্রিকেট/এসকেএম















