১৭ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্ম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় সুর।
শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সভাপতি হিসাবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। রাষ্ট্রপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধুর নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
কয়েক বছর ধরে বঙ্গবন্ধুর জন্মদিনটি সারাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।
জাতীয় শিশু দিবস/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply