২৬ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): অভ্যন্তরীণ রাজনীতিতে কোনঠাসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার পাঁচ বছর পূর্ণ হলো। গত ৫ বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরে যায়নি বা তাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি।
রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, রোহিঙ্গাদেরকে মানবিক সহায়তা প্রদান এবং তারা যেসব এলাকায় বসবাস করে সেখানে পরিবেশ ও সামাজিক ভারসাম্যহীনতার বোঝা বাংলাদেশ বহন করছে। যদি এই সংকট দ্রুত সমাধান না করা যায় তাহলে এ অঞ্চল ও এর বাইরে নিরাপত্তা সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করছে।
এতে আরও বলা হয়, দুর্ভাগ্যবশত, দ্বিপাক্ষিক ব্যবস্থায় মিয়ানমারের নেতিবাচক মনোভাবের কারণে এখনও কোন রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে পারেনি।
রোহিঙ্গা সংকট কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। এর উৎপত্তি ও সমাধান মিয়ানমারে। বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি অনুসরণ করে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ব্যবস্থা করার চেষ্টা করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার সরকারের সাথে সৃষ্ট সংঘাতে টিকতে না পেরে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক কারণে বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দেয়। মিয়ানমার সরকার তার দেশের নাগরিকদের নানা টালবাহানায় ফেরত নিচ্ছে না। অন্যদিকে, উদ্বাস্তু রোহিঙ্গাদের অধিকাংশই এখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হওয়ার কারণে নিজ দেশে ফেরত যেতে আগ্রহী নয়।
রোহিঙ্গারা তাদের জন্য তৈরি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আশ্রয় প্রকল্পে যেতেও অনাগ্রহ প্রকাশ করছে। উপরন্তু তাদের কারণে বাংলাদেশে বিশেষত কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পাহাড় কাটা, অবৈধ অস্ত্র ও ইয়াবার ব্যবসা এবং ছিনতাইসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে উদ্বাস্তু রোহিঙ্গারা। এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ রয়েছে।
রোহিঙ্গা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply