বিএনপিকে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে ফিরে আসতে ওবায়দুল কাদেরের আহ্বান

১৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অপপ্রচারের রাজনীতি পরিত্যাগ করে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ও সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার গণমাধ্যমে পাঠানও এক বিবৃতিতে এই আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সমগ্র জাতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যুগপৎভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ মহা-আড়ম্বরে উদযাপন করেছে। এমন একটি মহতী ক্ষণে বিএনপি দেশের ভবিষ্যত প্রজন্মের সামনে কোনও প্রকার ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে না ধরে চিরাচরিতভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি এখন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় ডিজিপি’তে প্রথম স্থান অধিকারের অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বিশ্ব সভায় বাংলাদেশ যখন প্রশংসা ও সমীহ অর্জন করছে তখন স্বাধীনতা বিরোধী শক্তির প্রতিভূ বিএনপি নেতারা নেতিবাচক মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইলফলক স্পর্শকারী বাংলাদেশের অসংখ্য প্রাপ্তি বিএনপি নেতাদের চোখে পড়ে না। বাংলাদেশের অগ্রগতিতে জাতিদ্রোহী-দেশদ্রোহীদের যেমন গাত্রদাহ হয় ঠিক তেমনি দলটির নেতাদেরও সহ্য হয় না। রাজনৈতিক হীনমন্যতার কারণে আওয়ামী লীগ নেতৃত্বে অর্জিত সাফল্যে বিচলিত হয়ে পড়ে দলটি। দেশের সাফল্যকে তারা নিজেদের পরাজয় মনে করে।

তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির স্বীকৃতি দিলে ভবিষ্যত বিনির্মাণ গতিশীল হয়। উন্নয়ন ও অগ্রগতিকে অস্বীকার করাও এক ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল। ষড়যন্ত্রের রাজনীতিতে বিএনপি এতোই অন্ধ যে, কোনও উন্নয়ন ও প্রগতি তাদের চোখে পড়ে না।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *