২৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): ঐক্যহীন বিএনপির মুখে সরকার পতনের ডাক মানায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন, যারা নিজেরা ঐক্য ধরে রাখতে পারে না, তারা আবার সরকার পতনের ডাক দেয়! বিএনপি আগেও জাতীয় ঐক্য করেছিল, কিন্তু টেকেনি। এখন আবার ঐক্য প্রক্রিয়া গঠনের কথা বলছে, অথচ তাদের নিজেদের মধ্যেই ঐক্য নেই।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি মাঠে-ময়দানে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে বর্ষাকালে চারিদিক যখন তলিয়ে যায় তখন ব্যাঙ ডাকে। বিএনপির বক্তব্য বর্ষাকালের ব্যাঙ ডাকার মতোই। তারা সমাবেশ করতে পারে না। সমাবেশের নামে নিজেদের মধ্যে মারামারি করে।
ডক্টর হাছান বলেন, আসলে বিএনপির মাথাটাই খারাপ হয়ে গেছে, কারণ তারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে। নয়াপল্টনের অফিসে বসে প্রতিদিন আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজায় কিন্তু কেউ সাড়া দেয় না। আসলে তারা নিজেরাই নিজেদের বিদায় ঘন্টা বাজাচ্ছে, আওয়ামী লীগের নয়। তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ ১৩ বছরে দেশটা বদলে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের এই উন্নয়নে দিশেহারা হয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছেন। তারা বুঝে গেছেন, বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আর এই উন্নয়নের মাধ্যমেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
বিএনপি নেতারা বলেন দেশের মানুষ সুখে নেই আর জাতিসংঘ বলে সুখের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, আসলে বিএনপির কাজ মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টি করা। কিন্তু তাদের কথায় কেউ সাড়া দেয় না। তারা বলেছিল, আওয়ামী লীগ পদ্মাসেতু করতে পারবে না। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু নির্মাণ করেছি, রামপাল বিদ্যুৎকেন্দ্রও হয়েছে, সুন্দরবনেরও কোনও ক্ষতি হয় নাই। পায়রা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেও পরিবেশের কোন ক্ষতি হবে না। যারা এসব নিয়ে অপপ্রচার চালায় তারা উন্নয়ন চায় না।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply