বিএনপি হলো শীতের পাখি

নিউজ ডেস্ক: বিএনপি হচ্ছে আমাদের দেশে শীতের পাখি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

সোমবার দুপুরে দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এ সম্মেলন উদ্বোধন করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি’র সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বরেণ্য অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, করোনা মহামারি বা কোনও দুর্যোগ-দুর্বিপাকেই জনগণের পাশে বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে। শীতকালে যেমন ধান খাওয়ার জন্য সাইবেরিয়া, হিমালয় থেকে শীতের পাখিরা আসে, ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। তেমনি বিএনপিও ভোটের সময় আসে, মোটাতাজা হয়ে আবার চলে যায়। অন্য সময়ে আর তাদের খুঁজে পাওয়া যায় না।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি জোটে এমন শরিক আছে, যারা নারী নেতৃত্ব হারাম বলে শ্লোগান দেয়। আর তারেক রহমান হচ্ছে দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতীক। সেই বিএনপি-জামাত যদি আবার সুযোগ পায়, এই দেশকে আবার পাকিস্তান বানিয়ে ছাড়বে, আফগানিস্তানের কাছাকাছি নিয়ে যাবে। দেশকে আমরা সেখানে নিয়ে যেতে দিতে পারি না, তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।

বিএনপির সমাবেশ নিয়ে ডক্টর হাছান বলেন, বিএনপি শীতকালে মাঠ গরম করার জন্য নেমেছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আসলে পিকনিক করছে। সিলেটে দেখলাম যে, তিনদিন আগে তারা চলে এসেছেন, হোটেলের মধ্যে তাস খেলেছেন আর মাঠের মধ্যে সামিয়ানা টাঙ্গিয়ে গরু জবাই করে রান্নাবান্না করে খেয়েছেন। কুমিল্লাতেও তাই। জনসভার আগের দিন রাতে সামিয়ানা টানিয়ে গরু জবাই করে ভুরিভোজ করার কোনও ইতিহাস এই বাংলাদেশে আমার দাদারাও দেখেননি। বিএনপি সেটি দেখাচ্ছে। এগুলো কোনও সমাবেশ নয়, এগুলো পিকনিক।

হাছান মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *