মেঘনায় ট্রলারডুবি

২৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ইলিশ শিকারে গিয়ে মেঘনায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৮ মাঝিমাল্লা ও জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামে একটি ট্রলার তলা ফেটে ডুবে যায়।

জানা যায়, ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার। এর আগে গত শুক্রবার বিকালে স্থানীয় ৮নং ওয়ার্ডের ১৪ জন ও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের একজন এবং দৌলতখান উপজেলার ২ জন জেলে নিয়ে মেঘনা নদীতে মৎস্য শিকারে যায় ট্রলারটি।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মালেক মিয়া জানান, মঙ্গলবার বিকাল ৪টায় ওই ট্রলারটির তলা ফেটে গেছে বলে মাঝি মহিউদ্দিন তার ভাই খলিলকে ফোন করে জানিয়ে ভাসানচরের পূর্বদিকে মেঘনায় একটি ট্রলার নিয়ে তাদের উদ্ধারের জন্য বলেন। তবে আবহাওয়া খারাপ হওয়ায় এবং বৃষ্টি ও ঝড়োবাতাসের ফলে ঘাট থেকে কেউ তাদের উদ্ধারে যেতে পারেননি। এ ঘটনায় নিখোঁজ জেলেপল্লীতে চলছে শোকের মাতম।

বুধবার সকালে স্থানীয় জেলে ও তাদের স্বজনরা ২টি ট্রলার নিয়ে নিখোঁজদের সন্ধানে গিয়েছেন বলে নিখোঁজ জেলেদের পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ জেলেরা হলেন- মহিউদ্দিন মাঝি, দুলাল, সাজাহান মুন্সি, আবদুল মুনাফ, মোসলেহ উদ্দিন, ওবায়দুল্লাহ, নুরনবী, হাবিবুল্লাহ মিঝি, আজাদ, রুবেল, আলমগীর, জাকির, সাজাহান, ফরিদ, বেলায়েত, জসিম ও মঞ্জুসহ অজ্ঞাত একজন।

কোস্টগার্ড দক্ষিণ চরমানিকা কমান্ডার ওয়ালিউল্লাহ মিয়া বলেন, এমন ঘটনার খবর পাইনি। তবে খবর পেলে নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযানে যাব।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ট্রলারডুবির খবর পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানানোর জন্য বলেছেন।

ট্রলারডুবি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *