যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন আটকেপড়ারা

যুক্তরাষ্ট্রের আটকে থাকা ২৪২ জন নাগরিককে বহনকারী একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট শুক্রবার (স্থানীয় সময়) রাতে ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাত্রীদের বিমানবন্দরে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
কাতার এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড বিমান ৩৫০-৯০০ এয়ারবাসটি শুক্রবার রাত ১১টা ৪ মিনিটে ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর: বাসস।

কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা বিরতির পর রোববার ভোর ৪টায় বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
যাত্রীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসা ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি নাগরিক এবং কিছু সরকারি ও বেসরকারি কর্মকর্তা রয়েছেন।

যাত্রীদের মধ্যে স্কুল এবং কলেজের ৪৯ শিক্ষার্থীও অন্তর্ভুক্ত রয়েছেন যারা শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

গত ৪ মে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য কাতারের বিমান সংস্থার বিমানটি ভাড়া করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকার এ পর্যন্ত ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসন করেছে।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভুটান, মায়ানমার এবং বিভিন্ন ইউরোপীয় দেশগুলোও এখান থেকে তাদের নাগরিকদের প্রত্যাবাসনের জন্য বিমানের স্থগিতাদেশের মধ্যে বেশ কয়েকটি বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *