নিউজ ডেস্ক: রাজশাহী রেলস্টেশনে এক যুবকের ঘুসিতে মাইনুল ইসলাম নামে আনসার-ভিডিপির একজন সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী রেলস্টেশনের প্লাটফরমে তাকে ঘুসি মারা হয়। হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
নিহত মাইনুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর পালপুর গ্রামের বাসিন্দা। মাইনুল ইসলামকে ঘুসি মারার অভিযোগে তার সাথে থাকা অন্যান্য আনসার সদস্যরা ওই বখাটেকে ধরে ফেলেন। পরে তাকে রাজশাহী রেলওয়ে থানায় রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তের নাম-পরিচয় জানা যায়নি।
আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন জানান, রাতে স্টেশনের প্লাটফর্মে ডিউটির সময় তাদের ইনচার্জ হিসেবে ছিলেন রেলওয়ে থানার এসআই শাহাদত হোসেন। পিসি দেলোয়ার হোসেন ও এসআই শাহাদত হোসেন স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফরমে ছিলেন। এখানে কয়েকজন বখাটেকে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখে এসআই শাহাদত হোসেন তাদের চলে যেতে বলেন।
এ নিয়ে এসআই শাহাদতের সাথে তর্কে জড়ান বখাটেরা। একপর্যায়ে তারা গালাগালও শুরু করেন। তখন এসআই শাহাদাত হোসেন ওই বখাটেদের ধরার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন। বখাটেরা ৩ ও ৪ নম্বর প্লাটফরম দিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাদের ধরতে যান। এ সময়ে আনসার সদস্য মাইনুল ইসলামের বুকে ঘুসি মারে এক বখাটে। এতে মাইনুল ইসলাম পড়ে যান। আর অন্য আনসার সদস্যরা এক বখাটেকে ধরে ফেলেন।
ঘটনার পর মাইনুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার ইসিজি করা হয়। এর পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন।
আনসারের প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, এটি একটি হত্যাকাণ্ড। কর্তব্যরত অবস্থায় আনসার-ভিডিপির সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনসারের পক্ষ থেকে মামলা করা হবে।
রাজশাহী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply